Custom Search

Tuesday, February 23, 2010

বিকন ফার্মার আইপিও অনুমোদনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এসইসি

সমকাল প্রতিবেদক
দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত পুঁজিবাজারে আসতে চলেছে দেশে ক্যান্সারের ওষুধ প্রস্তুতকারী প্রথম কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস। সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সোমবারের বৈঠকে এনসিসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে এসইসি। এসইসির চূড়ান্ত অনুমোদন পেলে বিকন ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। বিক্রি করা হবে ৩ কোটি শেয়ার। আর এনসিসি ব্যাংক বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দেবে।
বিকন ফার্মাসিউটিক্যালসের বর্তমান পরিশোধিত মূলধন ১৯০ কোটি টাকা। এতে উদ্যোক্তাদের অংশ ৬০ কোটি টাকা। আর ১৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হয়েছে প্রি-আইপিও প্লেসমেন্টে শেয়ার বরাদ্দের মাধ্যমে। বর্তমানে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। আইপিওর মাধ্যমে বাজারে বিক্রি করা হবে ৩ কোটি নতুন শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া কোম্পানির খসড়া প্রসপেক্টাসে দেখা গেছে, ২০০১ সালে গঠিত এই কোম্পানি ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। উৎপাদন শুরুর পর প্রথম দুই বছর লোকসান গুনলেও তৃতীয় বছরে এসে নিজেকে লাভজনক অবস্থানে তুলে আনতে পেরেছে বিকন ফার্মাসিউটিক্যালস। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কারখানায় ট্যাবলেট, ক্যাপসুল ও ইনজেকশন তৈরি করা হয়। সংগৃৃহীত মূলধন কোম্পানির উৎপাদন, সম্প্রসারণ ও বহুমুখীকরণে ব্যয় করা হবে। কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
জানা গেছে, প্রায় ৪ মাস আগে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আইপিওর আবেদন জমা দিলেও অর্থ মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তের কারণে এটার বিষয়ে এতদিন কোনো সিদ্ধান্ত নেয়নি এসইসি। অর্থ মন্ত্রণালয় গত বছর ৫ নভেম্বর এক বৈঠকে আইপিওর ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের নূ্যনতম ৪০ শতাংশ শেয়ার ইস্যু করার শর্ত আরোপ করে। বিকন ফার্মার প্রস্তাবিত আইপিও এর চেয়ে ছোট হওয়ায় এসইসি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে সম্প্রতি মন্ত্রণালয় তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করায় এই আইপিও অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এসইসি। জানা গেছে, কিছু বিষয়ে অস্পষ্টতা থাকায় কোম্পানির কাছে হালনাগাদ তথ্য ও ব্যাখ্যা চাইবে এসইসি। এগুলো সন্তোষজনক হলে দেওয়া হবে চূড়ান্ত অনুমোদন।
এনসিসি ব্যাংক ২টি শেয়ারের বিপরীতে একটি রাইট হিসেবে ১ কোটি ১৪ লাখ শেয়ার ইস্যু করবে। শেয়ারের ইস্যুমূল্য হবে ১০০ টাকা। এভাবে ১১৪ কোটি টাকা সংগ্রহ করা হবে। শিগগিরই কোম্পানিটি রেকর্ড তারিখ এবং রাইট শেয়ারের জন্য টাকা জমা নেওয়ার সময়সূচি ঘোষণা করবে।

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan