Custom Search

Wednesday, August 3, 2011

চাঙাভাবে ফিরলো পুঁজিবাজার

টানা এক সপ্তাহ দরপতনের পর চাঙাভাব ফিরেছে ঢাকার পুঁজিবাজারে। এক দিনেই সূচক বেড়েছে প্রায় দু'শ' পয়েন্ট। লেনদেন কমলেও বেড়েছে প্রায় সব শেয়ারের দাম।

মঙ্গলবার ব্যাপক দরপতনে বিক্ষোভের পর বুধবার দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বগতি দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।


রমজানে পুনর্নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর ১৫ মিনিটেই সূচক ১০০ পয়েন্ট বেড়ে যায়। দিনভর খানিকটা ওঠানামা চললেও আবার বাড়ে।


দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৩৮৯ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৯৬ পয়েন্ট বেশি।


সারাদিনে ৬১১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮টির, ২টির দাম অপরিবর্তিত ছিলো।


এর আগে টানা সাত দিন ডিএসইতে দরপতন হয়। মঙ্গলবার ডিএসই সূচক হারায় ১৭৪ পয়েন্ট। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিলো ৮৪২ কোটি টাকা।


মঙ্গলবার দরপতনের পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে হাজার খানেক মানুষ মতিঝিলে বিক্ষোভ করে। বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্লোগান দেয় তারা। সমাবেশে অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগও দাবি করে তারা।


তবে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছে, বাজারের ওপর তাদের সতর্ক দৃষ্টি রয়েছে।


সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানের পুরোটা সময় লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

0 comments:

Post a Comment

 
Copyright 2009 BANGLADESH SHARE BAZAR. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan