সমকাল প্রতিবেদক
আগামী মাসের মাঝামাঝি বাজারে আসবে আরএকে সিরামিকসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা প্রথম কোম্পানিটি ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রক্রিয়া শেষ করেছে। ১৪৫ টাকা দরে প্রতিষ্ঠানগুলোর কাছে ৬৯ লাখ শেয়ার বিক্রি করা হচ্ছে। বুধবার সমাপ্ত দরপ্রস্তাব গ্রহণ পর্বে প্রতিষ্ঠানগুলো তাদের জন্য সংরক্ষিত শেয়ারের বিপরীতে দুই কোটি ১০ লাখ শেয়ার কেনার জন্য প্রস্তাব করেছে। ওভার সাবস্ক্রিপশন বা অতিরিক্ত প্রস্তাব পড়েছে সাতগুণ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি মোঃ রকিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দীন আলী আহমেদ। এতে বক্তব্য রাখেন প্রধান ইস্যু ম্যানেজার আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, সহ-ইস্যু ম্যানেজার ব্র্যাক-ইপিএলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ইস্যু রেজিস্টার প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন সান্নামাত, আরএকে সিরামিকসের ফিন্যান্স কন্ট্রোলার সঙ্গম লাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, আরএকে সিরামিকস তিন কোটি ৪৫ লাখ শেয়ার বিক্রি করবে। ইতিমধ্যে এর ২০ শতাংশ শেয়ার বিক্রির জন্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের কাছ থেকে দর প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এতে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের জন্য সর্বোচ্চ ৪৫ এবং সর্বনিম্ন ৪০ টাকা দর প্রস্তাব জমা পড়ে। ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি ও স্টক ডিলারসহ ১৬৮ প্রতিষ্ঠান দর প্রস্তাব করে। ১১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর আবেদন ও টাকা জমা নেওয়া এবং মে মাসের শেষ ভাগে লেনদেন শুরুর সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। ৪৫ টাকা দরে প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষিত সব শেয়ার বিক্রি শেষ হওয়ায় এটিই হবে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত মূল্য।
সংবাদ সম্মেলনে ডিএসই সভাপতি মোঃ রকিবুর রহমান বলেন, এতদিন অনেক উদ্যোক্তা অভিযোগ করতেন, তারা বাজারে শেয়ারের উপযুক্ত মূল্য পাচ্ছেন না। তাই বাজারে শেয়ার বিক্রি করতে আগ্রহী নন। কিন্তু বুকবিল্ডিং পদ্ধতিতে আরএকে সিরামিকসের সাফল্যে তারা বাজারের প্রতি নতুন করে উৎসাহী হবেন। সিএসই সভাপতি ফখর উদ্দীন আলী আহমেদ বলেন, বুকবিল্ডিং পদ্ধতি সফল বাস্তবায়ন বাজারে ভালো শেয়ারের সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ও আরব আমিরাতের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড দেশের শীর্ষ টাইলস ও স্যানিটারিওয়্যার প্রস্তুতকারক কোম্পানি। এর প্রধান উদ্যোক্তা আরএকে সিরামিকস পিএসসি বিশ্বের অন্যতম বৃহৎ সিরামিকস ও স্যানিটারিওয়্যার প্রস্তুতকারক। আরএকে সিরামিকস (বাংলাদেশ) ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০০০ সালে। ৯ বছরের মধ্যে এটি দেশের শীর্ষস্থানীয় টাইলস ও সিরামিকস টেবিলওয়্যার প্রস্তুতকারক কোম্পানিতে উন্নীত হয়। টাইলস ও সিরামিকস টেবিলওয়্যার কোম্পানির প্রধান ব্যবসা হলেও আরও কয়েকটি খাতে এর বিনিয়োগ রয়েছে। আরএকে ফার্মাসিউটিক্যালসের ৫৮ শতাংশ, আরএকে পাওয়ারের ৫৭ শতাংশ, আরএকে সিকিউরিটির ৩৫ শতাংশ, আরএকে পেইন্টের ৪০ শতাংশ, আরএকে ফুডসের ৫১ শতাংশ, ক্ল্যাসিক পোর্সেলিনের ৫১ শতাংশ এবং আরএকে-মোসফ্লিও ২০ শতাংশ শেয়ারের মালিক আরএকে সিরামিকস (বাংলাদেশ)।
Thursday, March 4, 2010
আরএকে সিরামিকসের আইপিও বাজারে আসছে আগামী মাসে
Labels:
আইপিও,
আজকের খবর,
ডিএসই সংবাদ,
শেয়ার বাজারের খবর

0 comments:
Post a Comment